ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তৃতীয় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। রোববার আইআরজিসির নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, দিনের প্রথম ভাগ থেকে তিনটি ‘বিদ্রোহী’ তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। সংস্থাটির দাবি, আগুনের ধোঁয়ায় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথটির আকাশ ঢেকে গেছে।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজগুলো অনুমোদনহীন পথে চলাচল করছিল এবং তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। একই সঙ্গে পরিস্থিতির জন্য মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনকেও দায়ী করেছে ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন সম্পর্কে সব জাহাজকে বারবার জানানো হয়েছে।
সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এসব নির্দেশনা অমান্য করে চলাচলকারী জাহাজগুলোর পরিণতি ভালো হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তাই সেখানে জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের এই ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালিতে বিস্ফোরণের পর তৃতীয় তেলবাহী জাহাজে আগুনের দাবি আইআরজিসির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।