রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে গ্যাস লিকেজে ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের এসি সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস লিকেজের ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলেন, যাদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে। হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন জানান, ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং অনেক সময় রোগী বা স্বজনেরা অতিরিক্ত ঠাণ্ডার কারণে এসি বন্ধ রাখতে বলেন।
তিনি আরও জানান, রাত তিনটার দিকে দুটি শিশু অসুস্থ হলে তাদের নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয় এবং পরে ফেরত পাঠানো হয়। ভোরে শিশুদের অবস্থা আবার খারাপ হলে ছয়জনকেই আইসিইউতে নেওয়া হয়, যেখানে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকিদেরও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকার আদ-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজে ছয় নবজাতকের মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।