যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে বর্ণাঢ্য আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স। সোমবার ফ্রান্সের কনস্যুলেট এ তথ্য জানায়। এই শিল্প আয়োজনটি আগেই ধারণ করা হবে এবং ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতেই প্রচার করা হবে। কনস্যুলেট জানায়, স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে উপস্থাপন করা হবে যা আগে কখনও দেখা যায়নি, এর প্রতীকী ও আবেগঘন তাৎপর্য আরও উজ্জ্বল করে তুলতেই এই আয়োজন।
নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো বলেন, দুই দেশের বন্ধুত্বের ইতিহাস ২৫০ বছরের, যা এখনও দৃঢ় ও গভীর। তাই এই বিশেষ আয়োজনের মাধ্যমে সেই সম্পর্ক উদযাপন করতে চায় ফ্রান্স। ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল, যা এখন দেশটির অন্যতম বিখ্যাত স্থাপনা।
এ উপলক্ষে চলতি মাসে ফ্রান্স তাদের বিমানবাহিনীর অ্যারোবেটিকস দল যুক্তরাষ্ট্রে পাঠায়। ৯ জুন ‘পাত্রুই দ্য ফ্রান্স’-এর আটটি আলফা জেট ম্যানহাটনের আকাশে ফরাসি পতাকার রঙে উড়ে স্ট্যাচু অব লিবার্টির উপর দিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের আলোক প্রদর্শনী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।