মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও নাশকতার অভিযোগে পুলিশ মামলা করেছে। মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিলন ফকির বাদী হয়ে মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর নামসহ প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহারে যুবলীগ নেতা আজমত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল, কার্যকরী সদস্য মজিবর এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি টিপু সুলতানসহ কয়েকজনের নাম রয়েছে। সোমবার ও মঙ্গলবারের বিক্ষোভের ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শামীম জানান, গ্রেপ্তার ছয়জনকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার সকাল থেকে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিকেরা আবার জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা মূল সড়ক অবরোধ করতে পারেননি। পুলিশ জানায়, শ্রমিকেরা কথা না শোনায় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আগে থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল।
ফতুল্লার মজুরি আন্দোলনে ২১ জনসহ দেড় হাজারের বিরুদ্ধে পুলিশের মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।