সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর ও যোগদানের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার এক বিবৃতিতে দলের মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
তালুকদার বলেন, চুক্তিটি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর কৌশলগত সহযোগিতা জোরদার করলে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তিতে যোগদানের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবকে লেবার পার্টি স্বাগত জানিয়েছে। তিনি বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করা সম্ভব।
চুক্তিকে কেন্দ্র করে অযথা বিভাজন সৃষ্টি না করে এর শর্ত ও বাংলাদেশের স্বার্থ বিশ্লেষণের আহ্বান জানান মুখপাত্র। তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। সরকারের প্রতি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে এবং জনগণের স্বার্থই হবে একমাত্র মানদণ্ড।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে দ্রুত কূটনৈতিক উদ্যোগের আহ্বান লেবার পার্টির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।