ভারতের মহারাষ্ট্রের নাশিকের ১৬ বছর বয়সী গণিতপ্রতিভা আরিয়ান শুক্লা মানসিক গণনায় দক্ষতার মাধ্যমে নয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এবং মেন্টাল ক্যালকুলেশন বিশ্বকাপের দুটি শিরোপা অর্জন করেছেন। ‘ভারতের মানব ক্যালকুলেটর’ নামে পরিচিত আরিয়ান ছয় বছর বয়সে গণিতচর্চা শুরু করেন। দেড় বছরের মধ্যে তার অসাধারণ গণনাশক্তি মা-বাবার নজরে আসে এবং তারা তাকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেন।
২০১৮ সালে আট বছর বয়সে তুরস্কের ইস্তাম্বুলে মেমোরিয়াড ওপেন চ্যাম্পিয়নশিপে সাতটি স্বর্ণসহ ১০টি পদক জেতেন তিনি। সেখানে শিশুদের দুটি বিশ্বরেকর্ডও গড়েন। ২০২২ সালের জুলাইয়ে জার্মানির পাদেরবর্নে মেন্টাল ক্যালকুলেশন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন এবং ২০২৪ সালে ৯০০-এর মধ্যে ৮১৯ দশমিক ৮৪ পয়েন্ট পেয়ে শিরোপা ধরে রাখেন। ওই বছর যোগ, গুণ ও বর্গমূলসহ ছয়টি বিভাগে ট্রফি জেতেন তিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইতালির একটি টেলিভিশন অনুষ্ঠানে ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যা ২৫ দশমিক ১৯ সেকেন্ডে যোগ করে প্রথম গিনেস রেকর্ড করেন আরিয়ান। একই বছরের ৪ ডিসেম্বর দুবাইয়ে এক দিনে ছয়টি রেকর্ড গড়েন। ২০২৬ সালের এপ্রিলে ইতালিতে আরও দুটি রেকর্ড যুক্ত করেন। তিনি গ্লোবাল মেন্টাল ক্যালকুলেটরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং ২০২৫ সালে সংস্থাটির লিগের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হন।
মানসিক গণনায় ১৬ বছর বয়সেই নয়টি গিনেস রেকর্ড অর্জন আরিয়ান শুক্লার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।