চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে ২৫ বছর বয়সী যুবদল কর্মী সজিব চৌধুরী আকাশের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সজিব মীরসরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে এবং স্থানীয় যুবদল নেতা মো. শাহাবুদ্দিনের গ্যারেজে কাজ করতেন।
মঙ্গলবার রাতে মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী এলাকায় বিএনপি নেতা আবদুল আলিম ও যুবদল নেতা শাহাবুদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের পর থেকেই সজিব নিখোঁজ ছিলেন এবং তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গুপ্তখালী গ্রামের মো. শহীদের ছেলে রাকিব (২৫) কে গ্রেপ্তার করেছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
সীতাকুণ্ডে সংঘর্ষের পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, একজন গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।