আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছে বাংলাদেশের হাইকোর্ট। রোববার বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। আদালত বলেছে, রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নিতে হবে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সংবিধানের ১১২ অনুচ্ছেদে দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের রায় ও আদেশ মানতে বাধ্য করা হয়েছে। কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আপিল বা আইনানুগ প্রতিকার চাইতে পারে, তবে রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি ডাকতে পারে না। আদালত বলেছে, এ ধরনের কর্মসূচি বিচার বিভাগের প্রতি অসম্মান এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ, বিআরটিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১১ সালে মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালকের সাজাকে কেন্দ্র করে ২০১৭ সালে পরিবহন ধর্মঘট ডাকা হয়। এ ঘটনায় এইচআরপিবির করা রিটে হাইকোর্ট রুল জারি করেছিল এবং পরে তা চূড়ান্তভাবে অ্যাবসোলিউট ঘোষণা করে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ বলল হাইকোর্ট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।