ইউক্রেনকে ব্রিটেনের সামরিক সহায়তা নিয়ে মস্কো ও লন্ডনের উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিনকে প্রত্যাহার করেছে রাশিয়া। সাত বছর দায়িত্ব পালনের পর তিনি গত মাসে ব্রিটেন ছাড়েন, তবে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মস্কো এখনো কাউকে মনোনয়ন দেয়নি। রুশ দূতাবাসের কূটনৈতিক তালিকা থেকেও কেলিনের নাম সরানো হয়েছে; সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে ভাসিলি এ সিগানভের নাম রয়েছে।
রুশ দূতাবাসের এক মুখপাত্র বলেন, কেলিন ব্রিটেনের সঙ্গে যোগাযোগের পথ সচল রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার রাশিয়ার সঙ্গে সংঘাতের পথ বেছে নিয়েছে। তিনি জানান, যুক্তরাজ্য রাশিয়া-নীতি পুনর্বিবেচনা করলে ভবিষ্যতে গঠনমূলক ও পারস্পরিক সম্মানভিত্তিক সংলাপ পুনঃপ্রতিষ্ঠার আশা নিয়ে কেলিন ব্রিটেন ছেড়েছেন। ব্রিটিশ প্রতিষ্ঠানের তৈরি দুটি ড্রোন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে হামলায় ব্যবহার করেছে—এমন ইঙ্গিতের পর মস্কোর বক্তব্য আরও কঠোর হয়।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর একে রাশিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলেছে। তারা জানিয়েছে, রাশিয়ায় ব্রিটেনের রাষ্ট্রদূত ও দূতাবাস রয়েছে এবং সেখান থেকে রুশ সরকারের সঙ্গে যোগাযোগ ও উদ্বেগ জানানো হচ্ছে। লন্ডন ইউক্রেনের পাশে থাকার এবং আত্মরক্ষার অধিকার সমর্থনের কথাও বলেছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই শূন্যতা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মর্যাদা আরও কমিয়ে দিতে পারে।
ইউক্রেনকে ব্রিটিশ সহায়তা ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত ফিরিয়েছে রাশিয়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।