এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। শনিবার যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক শাদরুল আলম ও সদস্যসচিব মো. আব্দুল আহাদ রোগীবান্ধব জাতীয় ওষুধনীতি প্রণয়নের আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়; এটি নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার। জীবনরক্ষাকারী ওষুধের মূল্যনিয়ন্ত্রণ দুর্বল বা বাতিল হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্করা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বাজারের হাতে ১৮০টি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ ছেড়ে দিলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
এনএইচএ বলেছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগ, অ্যাজমা ও কিডনি রোগের রোগীরা নিয়মিত ওষুধের ওপর নির্ভরশীল। দাম বাড়লে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। সংগঠনটি সিদ্ধান্ত প্রত্যাহার, কার্যকর মূল্যনিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেছে তারা।
ওষুধের মূল্যনিয়ন্ত্রণ নীতি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এনএইচএর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।