চাঁদপুরের কচুয়া উপজেলার হরিপুর এলাকায় প্রায় ২ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের একটি সেতুর এপ্রোচ উদ্বোধনের আগেই ধসে পড়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা বরাদ্দ ছিল। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হারুন অ্যান্ড সন্স।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে এবং সংযোগ সড়কে বড় ফাটল ও গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, মানহীন খোয়া ও ইট ব্যবহার এবং ঢাল সঠিকভাবে না মেলানোয় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কাজের মান যাচাইয়ের পরই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হবে।
চাঁদপুরের কচুয়ায় উদ্বোধনের আগেই ধসে পড়ল ২ কোটি টাকার সেতু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।