রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি বাড়ি থেকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের। পরে পুলিশ তাকে নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের ভাষ্য, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন এবং সেখানে আত্মগোপনে ছিলেন। বাড়িটিতে অপরিচিত মানুষের যাতায়াত বাড়ায় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁর পরিচয় ও মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁকে আটক করা হয়। উত্তেজিত জনতার কয়েকজন তাঁকে মারধর করেন, তবে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা অভিযোগ করেন, হাবিবুর রহমানকে আশ্রয় দেওয়ার বিষয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং বাড়িটিতে তল্লাশিও চালানো হয়নি। তিনি বিষয়টি তদন্তের দাবি জানান। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাঁকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়ায় যুবলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।