ব্রিটিশ প্রিন্স হ্যারি আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুদ্ধের সময় ন্যাটোভুক্ত দেশগুলো সামনের সারি থেকে কিছুটা পিছিয়ে ছিল এবং প্রয়োজনে এই জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কি না, তা নিয়েও তিনি নিশ্চিত নন। তার এই মন্তব্য যুক্তরাজ্যে রাজনৈতিক বিভাজন পেরিয়ে সর্বত্র নিন্দার মুখে পড়ে।
আফগানিস্তানে নিহত ন্যাটো সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রিন্স হ্যারি বলেন, এই আত্মত্যাগের কথা সত্য ও সম্মানের সঙ্গে বলা উচিত। সাসেক্সের ডিউক হ্যারি জানান, তিনি আফগানিস্তানে দুইবার দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি বন্ধু হারিয়েছেন এবং আজীবনের বন্ধুত্ব গড়ে তুলেছেন। তিনি উল্লেখ করেন, ওই যুদ্ধে যুক্তরাজ্যের ৪৫৭ জন সেনাসদস্যসহ বহু ন্যাটো সেনা নিহত হন।
হ্যারি বলেন, ২০০১ সালে ন্যাটো ইতিহাসে প্রথমবারের মতো অনুচ্ছেদ ৫ কার্যকর করে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়। তিনি জানান, এই যুদ্ধে হাজারো মানুষের জীবন বদলে গেছে এবং কূটনীতি ও শান্তির পক্ষে ঐক্যবদ্ধ থাকা এখনো জরুরি।
আফগানিস্তান যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্পকে তীব্র সমালোচনা প্রিন্স হ্যারির