ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম তিনি সরেজমিনে দেখেন। রোহিঙ্গা নারী, শিশু ও পরিবারগুলোর সঙ্গে সময় কাটিয়ে তাঁদের সমস্যা, জীবনযাপন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানায়, সফরের শুরুতে তিনি ১৮ নম্বর ক্যাম্পে কোডেক পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজ নেন। পরে তিনি ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র, আইওএম ও ইউনিসেফ পরিচালিত উইমেন ফ্রেন্ডলি স্পেস এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।
ডাচেস সোফি রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করে নিরাপত্তা, মানবিক পরিস্থিতি, সুরক্ষা, পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানতে চান। ৪ ও ২০ নম্বর ক্যাম্পে তিনি আইওএমের প্রকল্প, নারীদের বহুমুখী কেন্দ্র, নারী বাজার, সাবান তৈরির কারখানা এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধে সফরটি আয়োজন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
ডাচেস সোফি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।