ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ধনবাড়ীতে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা জনগণের সঙ্গে অন্যায়ে জড়ালে তাঁকে দল থেকে বহিষ্কার করে পুলিশের কাছে সোপর্দ করা হবে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই দলের মূল লক্ষ্য। স্বপন অভিযোগ করেন, ভারতের মাটিতে বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা মিথ্যা ও ফাঁকা বক্তব্য দিচ্ছেন এবং তাদের কথায় আওয়ামী সন্ত্রাসীরা দেশে বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাস করছে।
তিনি এসব কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলে ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁরা পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বানও জানান।
চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার ও পুলিশে দেওয়ার হুঁশিয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।