কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, মঙ্গলবারের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল ইরান যুদ্ধের গতি-প্রকৃতিতে ‘উল্লেখযোগ্য প্রভাব’ ফেলতে পারে। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশঙ্কা করেন, নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হলে ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বেপরোয়া পদক্ষেপ নিতে পারেন।
পারসি বলেন, বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়লে ট্রাম্প পাল্টা আরও কঠোর অবস্থান নিতে পারেন। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের কর্মকাণ্ডের উদাহরণ দেন। তখন ট্রাম্প ভোট জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলেছিলেন এবং পরে তাঁর সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায়। পারসির ভাষ্য অনুযায়ী, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সময়টি ছিল ট্রাম্পের সবচেয়ে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপে আগ্রহী থাকার সময়।
তিনি আরও বলেন, ইসরাইলি সরকারও ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার পথে বড় বাধা তৈরি করতে এবং অর্থায়ন বন্ধ করতে পারবে বলে তিনি মনে করেন। নতুন কংগ্রেস জানুয়ারিতে বসার আগে ইসরাইলি সরকার ট্রাম্পকে তৃতীয় দফায় ইরানে হামলার জন্য চাপ দিতে পারে বলেও পারসি আশঙ্কা করেন।
মধ্যবর্তী নির্বাচনের ফল ইরান যুদ্ধের গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।