দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত, সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো এবং বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রতিমন্ত্রী সহ-সভাপতি এবং বেবিচকের সদস্য (নিরাপত্তা) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এর প্রথম সভা আগামী বৃহস্পতিবার বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত উন্নয়ন ও কৌশলগত সুপারিশ দেবে কমিটি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করবে।
কমিটির দায়িত্বের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করা, আইকাওর মানদণ্ড অনুসরণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতি পর্যালোচনা রয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত ও উপকমিটি গঠনের সুযোগ থাকবে। সভাপতি বছরে অন্তত দুইবার সভা আহ্বান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৭ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।