প্রায় দুই দশক পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে তুরস্ক ও পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবে তুরস্কের একটি সিসমিক জরিপ জাহাজ আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে করাচি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির আগমনকে অনুসন্ধান কার্যক্রম শুরুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক শুক্রবার বলেছেন, এ উদ্যোগে সরকার তুরস্ককে সর্বাত্মক সহযোগিতা দেবে। তিনি জাহাজটির আগমনকে দুই দেশের জ্বালানি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তুরস্কের পেট্রোলিয়াম অফশোর কোম্পানি, টিপিওসি পরিচালিত জাহাজটির আগমন ও অনুসন্ধান শুরুর প্রস্তুতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রকল্পটি পাকিস্তানের সম্ভাবনাময় কিন্তু এখনো অনাবিষ্কৃত সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধানে গতি আনবে এবং পাকিস্তান-তুরস্ক জ্বালানি সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে তুর্কি সিসমিক জাহাজ আসছে করাচিতে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।