স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হবে। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ ঘোষণা দেন।
এর আগে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ না হওয়ার অভিযোগ তোলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অবৈধ ব্যবসা চললেও সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং কোনো ব্যক্তি বা পুলিশ সদস্য এসব অবৈধ ব্যবসায় জড়িত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা ও উপজেলা পর্যায়ে সব আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযানে অংশ নেবে।
৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক ও জুয়া বিরোধী অভিযান শুরু করবে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।