ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ঘোষণা দিয়েছেন যে দেশটি ‘অহংকার ও কুফরি শক্তির’ বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে। ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে শত্রুদের ‘দুর্বলতা ও লাঞ্ছনা’ প্রকাশ করেছে। তিনি দাবি করেন, ইরানের ড্রোনগুলো ‘আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর বজ্রের মতো আঘাত হানছে’ এবং নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত।
খামেনি বর্তমান যুদ্ধকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দু’টি ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ পর্যন্ত সেনাবাহিনী তার অবস্থানে অটল রয়েছে। তিনি সেনাবাহিনীকে ‘জনগণের হৃদয়ের অংশ’ ও ‘জাতির প্রকৃত সন্তান’ হিসেবে বর্ণনা করেন। বার্তায় তিনি তার নিহত বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে আলি খামেনি নিহত হওয়ার পর মুজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জনসমক্ষে দেখা দেননি। বার্তার শেষে তিনি ‘যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধে’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইরান সেনাবাহিনী দিবসে বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধের অঙ্গীকার মুজতবা খামেনির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।