সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ ব্যাচ’ ১১ অক্টোবরের মধ্যে সবার পদায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বলেন, দাবি পূরণ না হলে ১১ অক্টোবর সকাল ১০টা থেকে পদায়ন না পাওয়া পর্যন্ত প্রতিটি জেলা শিক্ষা অফিসের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা আগামীকালের ৬১ জেলার সব উপজেলার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ বয়কট এবং শনিবার দুপুর ২টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদের ঘোষণাও দিয়েছেন।
শিক্ষকদের ভাষ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২ আগস্টের অফিস আদেশে ১ অক্টোবর যোগদান ও ৪ অক্টোবর পদায়নের কথা ছিল। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদায়নের তারিখ ১১ অক্টোবর নির্ধারণ করে পাঁচ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের ব্যবস্থা করে। তাদের অভিযোগ, সরকারি বরাদ্দ না থাকায় অধিকাংশ স্থানে প্রশিক্ষণে খাবারের ন্যূনতম ব্যবস্থাও ছিল না; তবু নিজেদের অর্থ, সময় ও শ্রমে তারা প্রশিক্ষণ শেষ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ শেষের পর বিদ্যালয় শাখা-২ প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে পদায়নের তারিখ ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর করেছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মাগুরাসহ কয়েকটি জেলায় ইতোমধ্যে পদায়ন দেওয়া হলেও অন্য জেলাগুলোতে বিলম্ব চলছে বলে তারা জানান। তাদের দাবি, এই সমন্বয়হীনতার মূল্য দিচ্ছেন ১৪ হাজার ৩৮৪ জন নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক।
১১ অক্টোবরের মধ্যে পদায়ন দাবিতে ওরিয়েন্টেশন বর্জন ও অবস্থান কর্মসূচির ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।