জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজারে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে চড়থাপ্পড় মারেন এবং বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উপজেলা ছাত্রদল কর্মী বিজয় আহমেদ বাসটি ঢাকায় পাঠানোর অনুরোধ করলে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির পর বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। রাত ৯টার দিকে স্থানীয়রা বিক্ষোভ করে অভিযুক্ত সোহেল রানার গ্রেপ্তার দাবি জানায়। মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার জাহিদ মাখন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
রাত পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়েন।
জামালপুরে সংঘর্ষে ছাত্রদল কর্মী আহত, ঢাকাগামী বাস চলাচল বন্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।