সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বন্ধ ও কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিটিসিএলের তিন কর্মকর্তা এবং আরও দুইজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর উপদেষ্টা মুহা. তাজুল ইসলাম বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন বিটিসিএলের মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়ীতা সেন রিম্পী, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডোমেইন) মোস্তফা আল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডোমেইন) আবীর কল্যাণ আবেদীন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। অভিযোগে বলা হয়েছে, ইউসেট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ২৩ হাজার টাকার পে-অর্ডার জমা দিলেও তা গ্রহণ করা হয়নি এবং ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দুটি ডোমেইন বন্ধ করে দেওয়া হয়।
বাদী অভিযোগ করেছেন, আসামিরা তাকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন এবং দাপ্তরিক কাজে অসহযোগিতা করেছেন। আদালতের নির্দেশে সিআইডি এখন মামলাটি তদন্ত করবে।
বিটিসিএল কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বন্ধের অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।