বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার নিখোঁজ জেলে মিরাজ শেখকে জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতে হাজির করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এইচআরএসএস, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এবং মিরাজের পরিবার যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
সুন্দরবনে মাছ ধরা ও ভাড়ায় মোটরসাইকেল চালানো ৩০ বছর বয়সী মিরাজ গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ। পরিবারের অভিযোগ, কোস্টগার্ড সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে তুলে নিয়ে যান। স্ত্রী মুক্তা খাতুন বলেন, সাদাপোশাকধারীরা তাঁকে নৌকায় তোলেন; পরে বাংলাদেশ কোস্টগার্ড লেখা স্পিডবোটে ইউনিফর্মধারী সদস্যরা আসেন।
এইচআরএসএস জানায়, গত ১২ জুলাই হাইকোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে মিরাজকে আদালতে হাজিরের নির্দেশ দেন, কিন্তু এখনো তাঁর সন্ধান মেলেনি এবং কোস্টগার্ড আটক করার কথা অস্বীকার করছে। সংগঠনটি স্বাধীন তদন্ত, দায়ীদের জবাবদিহি, পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা এবং মিরাজের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত আইনে আদালতে সোপর্দের দাবি জানিয়েছে। এইচআরএসএস বলেছে, তারা ডিজিটাল প্রমাণ সংরক্ষণের চেষ্টা করছে এবং কোস্টগার্ডের সঙ্গে কথা বলবে।
নিখোঁজ মোংলার জেলে মিরাজ শেখকে আদালতে হাজিরের দাবি এইচআরএসএসের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।