চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে তিনি শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন এবং জাতি তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, এই শোকের সময়ে সরকার ও সেনাবাহিনী তাদের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালে সরকার দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।
সাক্ষাতে ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী জানায়, নিহতদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ, তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। গত ৯ সেপ্টেম্বরের বিস্ফোরণে নিহত হন সৈনিক আবু বকর সিদ্দিক ও সৈনিক মো. তাসনিম রিফায়াত।
হাটহাজারীতে নিহত দুই সেনাসদস্যের পরিবারকে সহায়তার আশ্বাস ও চেক দিলেন প্রধানমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।