কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় মঙ্গলবার সকালে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে। স্থানীয়রা জানান, সে শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল এবং তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপি সদস্য শফিউল আলম ঘটনাটি নিশ্চিত করে একে অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের দাবির ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজারে দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।