বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সামরিক ও পেশাগত সহযোগিতা জোরদার এবং আধুনিক সামরিক প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রোব এয়ারক্রাফট এসই-এর আমন্ত্রণে তিনি ১৮ থেকে ২০ অক্টোবর জার্মানি এবং চেক বিমান বাহিনীর কমান্ডার ও ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে ২০ থেকে ২৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র সফর করেন।
জার্মানিতে তিনি টুসেনহাউজেন-মাটসিসে গ্রোব এয়ারক্রাফট এসই-এর উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কারিগরি ও বাণিজ্যিক কর্ম-অধিবেশনে অংশ নেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আইএসপিআর জানায়, এসব কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত গ্রোব উড়োজাহাজের সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তিনি রোথেনবাখ আন ডেয়ার পেগনিৎজে ডিহল ডিফেন্সের এমএসএএন উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন।
প্রাগে বিমান বাহিনী প্রধান ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চতুর্থ আসরে অংশ নেন। সেখানে হালকা যুদ্ধবিমান, সেন্সর, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি, সশস্ত্র ইউএভি, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি, প্রশিক্ষণ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আইএসপিআর আশা করছে, সফর দুটি বাংলাদেশ, জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করবে।
সামরিক সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ে জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর বিমান বাহিনী প্রধানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।