এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের নেতারা আঞ্চলিক অর্থনৈতিক যোগাযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বাধা কমানো এবং পরিবহন খাতে প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াতে ঐকমত্যে পৌঁছেছেন। চীনের শেনজেনে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার প্রকাশিত একাধিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বুধবার শুরু হওয়া এপেকের ৩৩তম সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সমৃদ্ধির জন্য একসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্টে বিদ্যমান এপেক কাঠামো ও উদ্যোগ ব্যবহার করে সদস্য অর্থনীতিগুলোর সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে পণ্য, সেবা, পুঁজি ও মানুষের চলাচল সহজ হবে এবং উন্মুক্ত, গতিশীল, স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল গঠনের লক্ষ্য এগোবে। সদস্যরা পুত্রাজায়া ভিশন ২০৪০-এর প্রতিও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
রূপরেখায় স্থল, নৌ ও আকাশপথের নেটওয়ার্ক উন্নয়ন এবং নিরাপদ, কার্যকর সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। নেতারা নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বয়ংক্রিয় ও চালকবিহীন প্রযুক্তির সম্ভাবনা যাচাইয়ের কথাও বলেছেন। ২০২৬ এপেক লিডার্স শেনজেন আউটলুকে তাঁরা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উৎপাদনশীলতা এবং সবার কল্যাণে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শেনজেনে বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপেকের ঐকমত্য
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।