ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা বাহরাইনের প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার এবং যুক্তরাষ্ট্রের ড্রোন ভেসেল ডিপো ধ্বংস করেছে। শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ইরানের কয়েকটি সেতুতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, যা যুদ্ধাপরাধের শামিল।
আইআরজিসি জানায়, হামলায় কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, বাহরাইনের এআই সেন্টারটি ইরানে হামলার লক্ষ্য নির্ধারণে মার্কিন বাহিনী ব্যবহার করত। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তবে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর মার্কিন মালিকানাধীন শিল্প, তথ্যপ্রযুক্তি ও এআই সম্পদে হামলা চালানো হবে।
আইআরজিসি আরও বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তারা এসব যুদ্ধাপরাধের অংশীদার।
ইরানের দাবি, প্রতিশোধে বাহরাইনের এআই সেন্টার ও মার্কিন ড্রোন ডিপো ধ্বংস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।