নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর পানবোরাম গ্রামে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগে তুহিন হোসেন নামে ৩০ বছর বয়সী এক যুবককে শুক্রবার দুপুরে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলামের অভিযোগ, বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার কলাবাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে।
সাইফুল ইসলাম জানান, প্রায় ২২ বিঘা জমির বাগানে প্রতিটি গাছে কলা ধরেছিল এবং আরও প্রায় তিন মাসের মধ্যে ফল সংগ্রহ করা সম্ভব হতো। গাছ কেটে ফেলায় তাঁর প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা; তিনি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কৃষক, তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা পানবোরাম এলাকায় মানববন্ধন করেন। তারা দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিপূরণ এবং সরকারি সহায়তার দাবি জানান। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সঠিক তদন্তসাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পত্নীতলায় ১৩ হাজার কলাগাছ কাটার অভিযোগে সন্দেহভাজন যুবক আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।