কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তিনি বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলাটি করেন। ঘটনার সময় সংসদ অধিবেশনের কারণে তিনি ঢাকায় ছিলেন; বাড়িতে তাঁর বাবা, মা ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে তাঁরা বসতঘর, উঠান ও আশপাশে আগুন দেখতে পান। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলা নিশ্চিত করে জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলছে; তদন্তের স্বার্থে তারা এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করেনি। এজাহারে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি, বাড়ির মালামাল ও আসবাব পুড়ে যাওয়া এবং গোয়ালের তিনটি ছাগল মারা যাওয়ার কথা বলা হয়েছে।
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।