কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় সোমবার সকালে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (২২)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি বাংলাদেশ অংশে বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরার সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই হানিফ গুরুতর আহত হন। তার বাবা ফজল করিম জানান, আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় এবং অন্য পা-ও আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখে, যা আধা ঘণ্টা পর স্বাভাবিক হয়। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।