জাতীয় সংসদে বুধবার সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিসহ চারটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রস্তাবটি উত্থাপন করেন। সংবিধান সংশোধন কমিটিতে বিএনপির মো. মাহমুদুল হক রুবেলের বদলে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১২ সদস্যের বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্যদের অংশগ্রহণের আহ্বান অব্যাহত থাকবে এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাঁদের জন্য কমিটির দরজা খোলা থাকবে। তাঁরা এলে সংবিধান সংশোধন কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি মির্জা ফয়সল আমীনকে সদস্য করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি এলিজা জামান যুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে জামায়াতের আবদুল বারী সরদারের বদলে মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ সদস্য হয়েছেন।
সংবিধান সংশোধন কমিটিসহ চার সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব পাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।