বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংস্থাটির জাতীয় নজরদারি প্রতিবেদনে সব ধরনের সংক্রমণের ৫৫ শতাংশে বহুঔষধ-প্রতিরোধী জীবাণু এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে এ হার ৯৩ শতাংশ পাওয়া গেছে। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার ঢাকার মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
২০২৬ সালের নজরদারিতে দেশের আট বিভাগের পরীক্ষাগার থেকে সংগৃহীত ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করা হয়, যার মধ্যে ৮৫ হাজার ৫২০টি কালচার-পজিটিভ আইসোলেট অন্তর্ভুক্ত ছিল। শনাক্ত জীবাণুর ৭৮ শতাংশ গ্রাম-নেগেটিভ; ই. কোলাই ৩৩ শতাংশ এবং ক্লেবসিয়েলা নিউমোনি ২১ শতাংশ। আইসিইউতে ৬৯টি জীবাণু-অ্যান্টিবায়োটিক ফলাফলের ৬২টিতে সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার কম ছিল।
আইইডিসিআর বলেছে, এন্টারোব্যাক্টেরালসের বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন ও তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন প্রায় অকার্যকর। বিশেষ করে আইসিইউতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার, প্রতিরোধী জীবাণুবাহী রোগীদের স্ক্রিনিং ও আইসোলেশন, হাত ধোয়া এবং পরিবেশগত পরিচ্ছন্নতা জোরদারের সুপারিশ করা হয়েছে।
আইইডিসিআরের প্রতিবেদনে আইসিইউতে ৯৩ শতাংশ বহুঔষধ-প্রতিরোধী জীবাণুর তথ্য
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।