দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী বছরের জানুয়ারি থেকে নেওয়া হবে এবং ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে পরীক্ষার সময়সূচি সমন্বয় করবে। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সিদ্ধান্তগুলো জানান। তিনি বলেন, ২০২৫ সালে ৭ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখের কিছু বেশি।
চেয়ারম্যান বলেন, উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। তাদের জন্য খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। রমজানের বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি নির্ধারণ এবং সংঘর্ষ এড়াতে ঘোষিত তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারি থেকে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।