বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চার স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর রোববার তাঁরা পদত্যাগপত্র জমা দেন। এতে ব্যাংকটির পর্ষদে এখন মাত্র একজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন এবং স্বতন্ত্র পরিচালকসংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকা ব্যাংকের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকতে হয়। পরিচালকের সংখ্যা কম হলে অন্তত দুজন স্বতন্ত্র পরিচালক বাধ্যতামূলক। পদত্যাগকারীরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান। তাঁদের একজন বলেন, বাংলাদেশ ব্যাংকের সরাসরি মৌখিক নির্দেশ পাওয়ার পর তাঁরা পদত্যাগপত্র দেন।
সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়; তাঁরা আগের সময়ের অনিয়ম ও আর্থিক অসংগতি নিয়ে বিশেষ নিরীক্ষা করান। জুলাইয়ে ১৪ জন পুরোনো শেয়ারধারীকে পরিচালক পদে পুনর্নিয়োগ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কেডিএস গ্রুপের হাতে ব্যাংকটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে চার স্বতন্ত্র পরিচালককে সরানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।