পবিত্র রমজান মাসের আগে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে যাচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৫৭ কোটি ৬২ লাখ ১০০ টাকা এবং প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা। বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল কেনা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় রমজানে বাড়তি চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে এই তেল আমদানির প্রস্তাব দেয়। দরপত্র মূল্যায়নের পর কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস আইএনসি থেকে তেল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করা হবে, তবে ক্রয়মূল্যের নিচে নয়। ফলে কোনো সরকারি ভর্তুকি লাগবে না। টিসিবির মাধ্যমে সাধারণ ভোক্তারা তেলটি কিনতে পারবেন।
এছাড়া বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, যার ব্যয় ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে ৩৫৭ কোটি টাকায় সয়াবিন তেল আমদানি অনুমোদন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।