খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, জাপানের বাজারে বাংলাদেশের খাদ্যপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। রোববার সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে জাইকার অর্থায়নে পরিচালিত খাদ্য নিরাপত্তা পরীক্ষণ সক্ষমতা উন্নয়ন প্রকল্প এবং জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একক খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।
দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার এই প্রকল্পের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার এবং প্রশিক্ষণ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারলে রপ্তানি সহজ হবে এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি খাদ্য উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান জানান।
মন্ত্রী জাইকার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
জাইকার সহায়তায় জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।