ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চক সিবানন্দ সীমান্ত এলাকা দিয়ে একদল বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুহাম্মদ আসাদুল্লাহ; তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রগুলো জানায়, ঘটনার সময় বিএসএফ সদস্যরা পাম্প-অ্যাকশন গান থেকে গুলি ছোড়েন। এতে আসাদুল্লাহ গুরুতর আহত হন। দলের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। আহত আসাদুল্লাহকে দ্রুত রাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সীমান্তে গোলাগুলি ও হত্যা নিয়ে ভারত-বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বৈঠক করেছেন। পাচার বা অনুপ্রবেশ ঠেকাতে প্রাণঘাতী অস্ত্রের বদলে রাবার বুলেট ব্যবহারের কথা বলা হলেও অনেক ক্ষেত্রে সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক আরও দুইজন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।