নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, দ্রুত বদলি আদেশ এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
সমাবেশের বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান। পাশাপাশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলিপ্রক্রিয়া চালু এবং আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি তোলেন।
বক্তারা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রত্যাহার ও অযৌক্তিক হয়রানি বন্ধেরও দাবি জানান। তারা দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষক নেতারা তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দেন।
সিলেটে নতুন পে-স্কেল, বদলি ও শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিও শিক্ষকদের কর্মসূচি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।