সাতক্ষীরার কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তাদের দাবি, দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, রাতের কোনো একসময় কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যা নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সদস্যরাও স্থানটি পরিদর্শন করে নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ওসি বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ, একজন আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।