যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের শুরুতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর। নির্বাচনের শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু আয়োজন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।
সফর-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে পল কাপুরের সফর ছিল আলোচনার অন্যতম বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, উন্নয়ন, অভিবাসন এবং জনগণের মধ্যে বিনিময়সহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলো পর্যালোচনা করে।
রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়, যেখানে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক সহায়তা কামনা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।
মার্চের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পল কাপুর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।