বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার, ২১ আগস্ট বঙ্গভবনে শপথ নেওয়ার পর এই অভিনন্দনবার্তা দেওয়া হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় মুর্মু দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ জানান।
মুর্মু বলেন, ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের কল্যাণে একটি সফল অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশা করেন। ভারতের রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক বন্ধুত্ব।
তিনি বলেন, সময়ের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত হয়েছে। প্রতিবেশী দুই দেশের অংশীদারত্ব আরও দৃঢ় করতে ফখরুলের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথা জানান মুর্মু। তিনি ফখরুলের সুস্বাস্থ্য, সুখ ও রাষ্ট্রপতি হিসেবে সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নিয়ে দায়িত্ব নেন ফখরুল।
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারে কাজের আগ্রহ ভারতের রাষ্ট্রপতির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।