রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেছেন, জনগণের প্রয়োজনে তিনি আবু সাঈদের মতো জীবন দেবেন। রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন। জামায়াতের এই নেতা প্রশাসনের বিরুদ্ধে সংসদ সদস্যদের যথাযথ মর্যাদা না দেওয়া, বিভিন্ন কমিটিতে তাঁদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তোলেন।
বেলাল রাষ্ট্র নির্ধারিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যদের মর্যাদা এবং বিভিন্ন কমিটিতে তাঁদের প্রতিনিধি রাখার দাবি জানান। জনগণের স্বার্থে জনপ্রতিনিধিদের ভূমিকা উপেক্ষা করলে আন্দোলনে নামতে বাধ্য হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর অভিযোগ, শর্ত পূরণ করা অভিজ্ঞ ব্যবসায়ীরা ডিলারশিপ পাননি; অন্যদিকে ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও আর্থিক সক্ষমতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ে কেউ কেউ নিয়োগ পেয়েছেন।
তিনি একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপের বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেন। শ্যামা সুন্দরী খাল সংস্কার, যানজট, অবৈধ বালু উত্তোলন, মাদকবিরোধী অভিযান ও দুর্গাপূজার নিরাপত্তার কথাও বলেন। জেলা প্রশাসক ইসরাত জাহান শব্দচয়নে সতর্কতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
রংপুরে সার ডিলার নিয়োগ ও জনপ্রতিনিধিদের মর্যাদা নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।