জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিনজন আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের ভ্রমণের জন্য হেলিকপ্টারটি উড্ডয়ন করে, কিন্তু আর ফিরে আসেনি। বিকেল ৪টার দিকে পুলিশি হেলিকপ্টার মাউন্ট আসোর নাকাদাকে আগ্নেয়গিরির গর্তে উড়োজাহাজ সদৃশ একটি বস্তু দেখতে পায়, তবে সেটি নিখোঁজ হেলিকপ্টার কি না তা নিশ্চিত করা যায়নি।
নিখোঁজ হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে নির্মিত রবিনসন আর৪৪ মডেলের, যা তাকুমি এন্টারপ্রাইজ পরিচালনা করছিল। এটি ওই দিনের তৃতীয় দর্শনীয় স্থান ভ্রমণ ছিল এবং আগের দুটি যাত্রায় কোনো সমস্যা হয়নি। ৬৪ বছর বয়সী পাইলটের প্রায় ৪০ বছরের উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। তার সঙ্গে ছিলেন তাইওয়ানের এক নারী ও এক পুরুষ যাত্রী।
মঙ্গলবার নাকাদাকে এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করায় সন্ধ্যার পর অনুসন্ধান অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং বুধবার সকালে পুনরায় শুরু হয়। ঘটনার পর তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে বলে জিজি নিউজ জানিয়েছে।
জাপানের মাউন্ট আসোর কাছে তিন আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ