বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশ আলোচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম শেষ হতে আরও কয়েক মাস লাগতে পারে।
অর্থমন্ত্রী বলেন, এই আলোচনার ভিত্তিতে দুই পক্ষের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সম্ভাব্য সিদ্ধান্তের ভিত্তি তৈরি হবে। ঢাকাতেও আলোচনা অব্যাহত থাকবে। অংশীদারত্বের কাঠামো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বব্যাংকে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বিভিন্ন সুপারিশ ও পরামর্শ দিয়েছে এবং বাংলাদেশও নিজেদের প্রস্তাব তুলে ধরেছে।
আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি সংকটে ছিল এবং আগের দায়দায়িত্ব ও বিশ্বজুড়ে যুদ্ধজনিত অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে সরকার অন্য সংস্থার হিসাবকে বিতর্কিত করবে না, তবে বাজেটের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বলে জানান তিনি।
বিশ্বব্যাংকের অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা নিয়ে বাংলাদেশের আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।