ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সরকারের জন্য অগ্নিপরীক্ষা। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ঢাকা মহানগরের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে ডিএমপি সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
কমিশনার জানান, মহালয়া, দুর্গাপূজার সময় এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং মণ্ডপের ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
পূজা উদযাপন পরিষদের নেতাদের নিজেদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান কমিশনার। তিনি কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখার এবং জরুরিতে ৯৯৯ বা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করেন। পূজা কমিটির নেতারা মণ্ডপ নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
ঢাকায় দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা, নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।