রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। এ নিয়ে রামেকে হামে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ জন শিশু ভর্তি হয়েছে এবং ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১১৭ জন শিশু চিকিৎসাধীন, এর মধ্যে ১২ জন আইসিইউতে এবং আরও ৫৬ জন আইসিইউ সেবার অপেক্ষায় রয়েছে।
ডা. বিশ্বাস জানান, ভর্তি রোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সংখ্যা সবচেয়ে বেশি, এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া ও রাজবাড়ী থেকেও রোগী এসেছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স দুই বছরের নিচে এবং ৬৫ শতাংশ টিকা নেওয়ার বয়সের আগেই আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ মেডিকেল টিম কাজ করছে এবং ৪০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
রোগীর চাপ বাড়লে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আইসিইউতে আরও সাতটি শয্যা বাড়ানো এবং রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কিছু রোগী স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রামেকে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, আইসিইউর অপেক্ষায় আরও ৫৬ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।