কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে চিকিৎসা সামগ্রী ও সেবা কেনায় অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধানে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের ছয়টি প্যাকেজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় মোট ১২ কোটি ৩ লাখ ২৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। দুদকের ভাষ্য অনুযায়ী, পারস্পরিক যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
প্রকল্পের আওতায় কেএন৯৫ ও এন৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস, হাসপাতাল বেড, চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী, টিভিসি প্রচার, মোবাইল অ্যাপ এবং ওয়েব অ্যাপ্লিকেশন কেনা হয়। আসামিদের মধ্যে প্রকল্পের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কবির, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা রয়েছেন। মামলায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
কোভিড ক্রয় অনিয়মে জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ছয় মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।