ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার মুখে এ বিষয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনা চেয়েছে বিরোধী দল। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম কার্যপ্রণালির ১৪৭ বিধিতে নোটিস দিয়েছেন। এতে বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে। সোমবার সংসদ অধিবেশনের প্রথম দিনে নোটিসটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি; কয়েক দিনের মধ্যে স্পিকার সংসদকে অবহিত করে সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।
প্রস্তাবে বলা হয়েছে, ১৯৯৬ সালে সম্পাদিত চুক্তিটির ভবিষ্যৎ জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে যুক্ত। সময়মতো ন্যায্য ও টেকসই পানিবণ্টন ব্যবস্থা না হলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে তীব্র পানিসংকট দেখা দিতে পারে। এতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষক ও মৎস্যজীবীদের জীবিকা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
নোটিসে গড়াইসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখা নদীর নাব্য কমা, সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতি এবং লবণাক্ততা বাড়ার আশঙ্কার কথাও বলা হয়েছে। আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ও অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতিতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার, গঙ্গা ব্যারাজ প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের আহ্বান জানানো হয়েছে। চুক্তি নবায়ন বা নতুন ন্যায্য চুক্তির জন্য জরুরি উদ্যোগও চাওয়া হয়েছে।
১২ ডিসেম্বর মেয়াদ শেষের আগে গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনার দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।